Friday, May 1, 2026
দেশ

এখনই ভোট হলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক ২০২৪ এর লোকসভা নির্বাচনের বাকি আর ১৫ মাস। ইতিমধ্যেই গেরুয়া শিবির ঘোষণা করেছে, তাঁদের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীই। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ২০২৪ এর লোকসভা ভোটে আসন কমতে চলেছে এনডিএ শিবিরের। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তাঁরা।

সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশে নির্বাচন হলে অনেকটাই কমবে এনডিএ জোটের আসনসংখ্যা। ২০১৯ লোকসভা ভোটে এনডিএ জোট পেয়েছিল ৩৪০টির বেশি আসন। সেখানে এই মুহূর্তে ভোট হলে এনডিএ জোট পেতে পারে ২৯৮টি আসন। বিজেপি এককভাবে পেতে পারে ২৮৪টি আসন।

অন্যদিকে, কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসনসংখ্যা অনেকটাই বাড়তে পারে। ২০১৯ লোকসভা ভোটে ইউপিএ (UPA) পেয়েছিল ৯০টির কিছু বেশি আসন। সেখানে এই মুহূর্তে ভোট হলে তাঁরা পেতে পারে ১৫৩ আসন। কংগ্রেস এককভাবে পেতে পারে ৯১টি আসন। বাকিরা ৯২টি আসন পেতে পারে।

শতাংশের দিক দিয়ে এনডিএ পেতে পারে ৪৩ শতাংশ ভোট। যেখানে ২০১৯ লোকসভা ভোটে তাঁরা পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। অন্যদিকে এখনই ভোট হলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ৩০ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২৭ শতাংশ ভোট।

এদিকে, ৬৭ শতাংশ দেশবাসী মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।