Saturday, December 13, 2025
রাজ্য​

৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত বিজেপির, ‘ভয়- সন্ত্রাস তৈরি করে জিতেছে তৃণমূল’, সাফাই গেরুয়া শিবিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৪-এ ৪। বাকি থাকা রাজ্যের ৪ কেন্দ্রের ৪টিতেই বিরাট জয় তৃণমূলের। অন্যদিকে, ৩টি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির। দিনহাটা, গোসাবা, খড়দহ ও শান্তিপুর- ৪ কেন্দ্রের তিনটেতে জামানত বাজেয়াপ্ত বিজেপির।

দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ১ লাখ ৬৩ হাজার ভোটে জিতেছেন। খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে। গোসাবায় ১ লাখ ৪৩ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের সুব্রত মন্ডল। শান্তিপুরে ৬০ হাজার ৮৯২ ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী। যার ফলে দিনহাটা, গোসাবা ও খড়দহে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।

প্রসঙ্গত বলে রাখি, বিজয়ী প্রার্থীর থেকে ৬ ভাগের ১ ভাগ ভোট পেতে হয়। কিন্তু এক্ষেত্রে বিজেপি সেটা পায়নি। যার ফলে এই ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।

এদিকে, এই শোচনীয় পরাজয়ের পরে বিজেপির সাফাই, ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করে নির্বাচনে জিতেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভয় এবং সন্ত্রাস তৈরি করে উপনির্বাচন জিতেছে তৃণমূল। রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। কারণ বহু বিজেপি কর্মী ঘরছাড়া। আর দিনহাটার মার্জিন দেখলে সহজেই বোঝা যায় সেখানে কি হয়েছে।” যদিও বিজেপি দাবিকে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।