Monday, September 28, 2026
Latestরাজ্য​

ASEAN-এর বাজারে পশ্চিমবঙ্গের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হবে, SBF-এর সঙ্গে BCC&I-এর আলোচনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ASEAN দেশগুলির বাজারে রফতানির জন্য সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (SBF)-এর সঙ্গে পার্টনারশিপের সম্ভাবনা খতিয়ে দেখছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCC&I)। সিঙ্গাপুরের শীর্ষ বাণিজ্যিক সংগঠন SBF-এর সদস্য সংস্থার সংখ্যা প্রায় ৩২ হাজার।

শুক্রবার BCC&I আয়োজিত ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কনক্লেভ’-এ বক্তব্য রাখতে গিয়ে SBF-এর ইন্ডিয়া বিজনেস কমিটির চেয়ারম্যান প্রসূন মুখার্জি বলেন, ASEAN দেশগুলিতে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ায় ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানির কথা উল্লেখ করেন।

প্রসূন মুখার্জির দাবি, ASEAN-এর বাজারে পৌঁছনোর ক্ষেত্রে বাংলার ভৌগোলিক অবস্থান বিশেষ সুবিধাজনক। পাশাপাশি, রাজ্যে প্রতিরক্ষা বাহিনী ও আধাসামরিক বাহিনীর জন্য প্রতিরক্ষা সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী MSME সংস্থার সংখ্যাও বাড়ছে।

এদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত জানান, রঘুনাথপুরে একটি ডিফেন্স পার্ক তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর জন্য প্রায় ২০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে জুপিটার ডিফেন্সকে যে জমি বরাদ্দ করা হয়েছে, তার কাছেই এই জমি চিহ্নিত করা হয়েছে। জুপিটার ডিফেন্স সেখানে ডিটোনেটর এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করছে।

BCC&I-এর ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ জানান, রাজ্যে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সঙ্গে যুক্ত ১৩৯টি MSME সংস্থাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছিল। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদিয়া এবং বর্ধমানের বিভিন্ন কারখানা নিয়ে এই সমীক্ষা করা হয়। পরে কারখানাগুলিতে ফিল্ড সার্ভে চালানোর পর ১১৮টি MSME সংস্থাকে বাছাই করা হয়েছে।