আতঙ্কের অবসান, ভারত মহাসাগরে ভেঙে পড়ল শক্তিশালী চিনা রকেট
নয়াদিল্লি: চিনের বৃহত্তম রকেট ‘লং মার্চ ৫বি’ আছড়ে পড়ল মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে। লাক্ষাদ্বীপের সামান্য পশ্চিমে। ২২ মেট্রিক টন ওজনের এই রকেটটি যদি জনবসতিতে পড়ত, তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি হতো। চিনা এই রকেটটি কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে আতঙ্কে ছিল নিউ ইয়র্ক, মাদ্রিদ, চিলি, নিউজিল্যান্ড এবং ভারত।
তবে যাবতীয় আতঙ্কের অবসান ঘটিয়ে চিন জানিয়েছে, রবিবার ভারতীয় সময় সকাল ৮ টা নাগাদ চিনা রকেটটি ভারত মহাসাগরে ভেঙে পড়েছে। চিন আরও জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর তীব্র ঘর্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রকেটটি।
২২ মেট্রিক টন ওজনের রকেটটি নিয়ে আতঙ্কে ছিল বিশ্বের একাধিক মহল। এর আগে মার্কিন সামরিক বাহিনী পূর্বাভাস বলেছিল, চিনের রকেটটি ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ তুর্কমেনিস্তানে ভেঙে পড়তে পারে। তবে চিনের স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে, বেইজিংয়ের সময় ৯ মে রবিবার ১০টা ২৪ মিনিটে পূর্ব দ্রাঘিমাংশে ৭২.৪৭ এবং ২.৬৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে ভারত মহাসাগরে ভেঙে পড়েছে রকেটটি।
করোনায় যখন গোটা দুনিয়া কাঁপছে তখন পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন বানাতে ব্যস্ত চিন। নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। নাসাকে টেক্কা দিয়ে মহাকাশে রাজত্ব করার স্বপ্নে বিভোর বেইজিং। সেই কারণেই, বিরাট শক্তিশালী রকেট উৎক্ষেপন করেছিল তারা। তবে এবারই প্রথম নয়, গত বছরের মে মাসে এই রকেটের প্রথম উৎক্ষেপণের পর ৫বি-র ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলের দেশ আইভরি কোস্টে। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু ঘরবাড়ি এবং বহুতল। তবে কেউ হতাহত হয়নি।


