Wednesday, June 17, 2026
বিনোদন

বাংলা ছবির ইতিহাসে নয়া রেকর্ড গড়ল দেব-মিঠুনের ‘প্রজাপতি’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেব-মিঠুনের সিনেমা ‘প্রজাপতি’ নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। বলেছিলেন, মিঠুনের জন্য সিনেমা ফ্লপ করবে। কিন্তু কুণালের সেই ধারণাকে ভুল প্রমাণ করে প্রথম দিনেই ছক্কা হাঁকালো ‘প্রজাপতি’। এক দিনেই ১ কোটি টাকার বেশি ব্যবসা করল এই ছবি।

মুক্তির প্রথম ১০ দিনে এই ছবি কত টাকা ব্যবসা করেছে? 

সূত্রের খবর, প্রথম ১০ দিনে দেশের বক্স অফিসে সবমিলিয়ে ৪ কোটি টাকার ব্যবসা করেছে। ১ জানুয়ারি এই ছবি ১ কোটির বেশি ব্যবসা করেছে। যা ভেঙে দিয়েছে বাংলা বক্স অফিসের পুরোনো সব রেকর্ড। পরিচালক অভিজিৎ সেনের প্রজাপতি সিনেমায় বাবা-ছেলের ভূমিকায় দেখা গিয়েছে মিঠুন এবং দেবকে। বড়দিনে মুক্তি পায় এই সিনেমা।

প্রথম সপ্তাহে এই ছবির শো সংখ্যা ছিল ১৮৯, দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯-এ। এই পরিসংখ্য়ানই বলে দিচ্ছে মানুষ প্রজাপতি সিনেমা নিয়ে কতটা মাতোয়ারা। মুক্তির প্রথম সপ্তাহে ২ কোটি ১৭ লাখ টাকা আয় করে প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহের প্রথম তিন দিনেই প্রায় ২ কোটি টাকা ব্যবসা করল এই ছবি।

উল্লেখ্য, প্রজাপতি সিনেমায় দেব এবং মিঠুনের পাশাপাশি অভিনয় করেছেন মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়।