কর্ণাটকে ইদ মিলাদের অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, বিতর্ক তুঙ্গে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার কর্ণাটকের শিবমেগা জেলার ভদ্রাবতী শহরে ইদ মিলাদ সমাবেশে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল ভদ্রাবতীর ওল্ড টাউনে। সেখানে সাম্প্রদায়িক উসকানিমূলক অডিও এবং পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
শিবমেগা জেলার পুলিশ প্রধান মিথুন কুমার জানিয়েছেন, “আমরা ঘটনাস্থল ও ভিডিওর সত্যতা যাচাই করছি। ইতিমধ্যেই তিনটি পর্যবেক্ষক দলের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। ড্রোন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত লোকজনের সনাক্তকরণ কার্যক্রমও চলমান রয়েছে।”
পুলিশের তরফে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং বিজেপি সাংসদ সুধাকরও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। সুধাকর মন্তব্য করেন, “রাজ্যে কংগ্রেস শাসনে দেশবিরোধী কার্যক্রম মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ঘটনা তার প্রমাণ।”
এর আগে কর্ণাটকের মাদ্দুর অঞ্চলে গণপতি বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তার মধ্যেই ভদ্রাবতীতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের এই নতুন ঘটনা ঘটেছে।


