Modi Israel Visit: নেতানিয়াহুর আমন্ত্রণে ইজরায়েল সফরে যাচ্ছেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফরে যেতে পারেন। এমন ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতেই এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।
রাষ্ট্রদূত আজার জানিয়েছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। তেল আবিবে সফর ঘিরে সরকারি প্রস্তুতিও শুরু হয়েছে। আজারের কথায়, “আশা করছি খুব শ্রীঘ্রই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারব। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।”
বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে। ইরানে বিদ্রোহ-সহ একাধিক ইস্যুতে উত্তেজনা চলছে। গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি কমিটি গঠন করেছেন। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয়ের প্রশ্নে ভারত-ইজরায়েল সম্পর্ক বিশেষ তাৎপর্য পাচ্ছে।
গত কয়েক মাসে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আদানপ্রদান বেড়েছে। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস. জয়শংকর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইজরায়েল সফর করেছেন। আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, কৃষি, জল ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং উচ্চ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলি।
ভারত-ইজরায়েল সম্পর্ক দীর্ঘদিন ধরেই দৃঢ়। বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে। তবে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পকে পাল্টা দিতে ভারত- ইউরোপীয়ান ইউনিয়ন এটা করেছে।
এমন পরিস্থিতিতে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলে প্রধানমন্ত্রী মোদীর সম্ভাব্য সফর বহুমাত্রিক বার্তা দেবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ভারতের অবস্থান, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং বৈশ্বিক কূটনীতিতে দিল্লির সক্রিয় ভূমিকা—সব মিলিয়ে এই সফর আন্তর্জাতিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।


