Sunday, May 3, 2026
রাজ্য​

‘আমার বয়স হয়েছে, এই শীতে একটা খাটের প্রয়োজন’‌, কাতর আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। যাকে বলে হাড় কাঁপানো শীত। কলকাতায় শীতের পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। এই পরিস্থিতিতে আলিপুর সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের কাতর আর্জি, ‘আমার বয়স হয়েছে, এই শীতে আমার জন্য সংশোধনাগারে একটা খাটে ব্যবস্থা করা হোক।’ বৃহস্পতিবার এই আর্জি জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়। কিন্তু আলিপুর সিবিআই আদালত ১৯ জানুয়ারি পর্যন্ত পার্থকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বয়স প্রায় ৭০ বছর। এই হাড় কাঁপানো ঠান্ডা অনেকটাই কাবু হয়ে পড়েছেন তিনি। তাই জামিন অথবা জেলে একটা খাটের আবেদন করেছিলেন পার্থের আইনজীবী।

আদালতের কাছে পার্থের আইনজীবী আবেদন করেন, তাঁর মক্কেলকে জেলে যেন একটি খাট দেওয়া হয়। খাটে শুলে ঠাণ্ডা অনেকটা মোকাবিলা করা যাবে। জবাবে আদালত জানিয়েছে, তাঁদের ক্ষমতা সীমাবদ্ধ। যদি জেলের নিয়মে খাট দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে তিনি খাটের জন্য সুপারিশ করতে পারেন।

সূত্রের খবর, পার্থ নিজেও জেলে আবেদন করেছেন, ‘‌আমার বয়স হয়েছে। এই শীতে তাই একটা খাটের প্রয়োজন।’‌ তবে জেল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।