কাশী বিশ্বনাথ ধামের বর্ষপূর্তি, করিডর সমালোচকদের ধারণাকে ভুল প্রমাণ করেছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২১ সালের ১৩ ডিসেম্বর খুলে দেওয়া হয়েছিল কাশী বিশ্বনাথ করিডর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ২৮ কোটি টাকার বেশি প্রণামী পেয়েছেন তাঁরা। এছাড়া ৫০ কোটি টাকারও বেশি মূল্যের মূল্যবান ধাতুও (৬০ কেজি সোনা, ১০ কেজি রূপা এবং ১৫০০ কেজি তামা) প্রণামী হিসেবে পাওয়া গেছে।
উল্লেখ্য, কাশী বিশ্বনাথ ধাম ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। প্রায় ৩২ মাস ধরে চলেছিল কাশী বিশ্বনাথ ধাম করিডরের কাজ। এই করিডর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়ার ফলে তাঁরা সহজেই গঙ্গা স্নান সেরে মন্দিরে পুজো দিতে যেতে পারছেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করিডর নির্মাণের ফলে মন্দিরে পুণ্যার্থীদের সংখ্যা বেড়েছে। চলতি বছর দ্বীপ দীপাবলিতে রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে। গত বছরের তুলনায় এ বছর শ্রাবণ মাসে দ্বিগুণ পরিমাণ পুণ্যার্থী এসেছেন। হেড স্ক্যানিং মেশিনের মাধ্যমে জানা গেছে, গত এক বছরে মোট ৭,৩৫,৮২,০৪২ জন পুণ্যার্থী কাশী বিশ্বনাথ ধাম দর্শন করেছেন।
ঐতিহাসিকদের মতে, ১৪৯০ সালে কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়। মুঘল আমলে একাধিকবার মন্দিরটি ধ্বংস করা হয়েছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেব বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। এখনও মন্দির প্রাঙ্গণে মসজিদটি রয়েছে।
তথ্যসূত্র: Swarajyamag

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

