Tuesday, April 14, 2026
Latestখেলা

জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়া, সূচি ঘোষণা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি মরশুমে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করলো বিসিসিআই। কিছুদিন আগেই ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার মতো দল ভারত সফরে আসছে। দেশের ১৭টি শহরে মোট ২২টি ম্যাচ আয়োজন করা হবে, যার মধ্যে রয়েছে ৯টি ওয়ানডে, ৮টি টি-টোয়েন্টি এবং ৫টি টেস্ট। এরই মধ্যে বিদেশ সফর নিয়েও তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ পরিকল্পনা। 

জুলাই মাসে জিম্বাবোয়ে সফরে যাবে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল, যার সূচনা ২৩ জুলাই। পরবর্তী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুলাই। তিনটি ম্যাচই হবে হারারের ঐতিহ্যবাহী হারারে স্পোর্টস ক্লাবে। বুধবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই সূচি ঘোষণা করেছে।

জিম্বাবোয়ে সফরের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সফরে যাবে ভারত। জুন মাসের তৃতীয় সপ্তাহে সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন দল। এই সিরিজকে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। আয়ারল্যান্ডের পরই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া, যেখানে ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

এর আগে জুন মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ শেষ হবে ২০ জুন। অর্থাৎ, টানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকতে চলেছে ভারতীয় দল।

অন্যদিকে, ২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবোয়ে দল ভারত সফরে আসবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি কলকাতায়। বাকি দুই ম্যাচ হায়দরাবাদ ও মুম্বাইয়ে যথাক্রমে ৬ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবোয়ে সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। সেই অভিজ্ঞতা নিয়েই আবারও আফ্রিকার মাটিতে নামতে চলেছে ‘মেন ইন ব্লু’।