Tuesday, April 14, 2026
Latestদেশ

গাজওয়াতুল হিন্দের ছক, মিরাটে ফাঁস পাক মডিউল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মীরাটে থেকে ধরা পড়ল এক জঙ্গি চক্র (Pakistan-linked terror module)। তদন্তে উঠে এসেছে, এরা পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করত, ‘গাজওয়াতুল হিন্দ’ (Ghazwa-e-Hind) ছড়ানোর পরিকল্পনা ছিল। সন্দেহ এড়াতে হিন্দু যুবকদের সামনে রেখে গোপনে রেইকি চালানো হত। উত্তরপ্রদেশ এটিএস (Uttar Pradesh ATS) জিজ্ঞাসাবাদে এই চক্রটি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

মূল অভিযুক্ত শাকিবকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, পাকিস্তানের হ্যান্ডলাররা তাকে কড়া নির্দেশ দিয়েছিল, “মিশন অসম্পূর্ণ রেখে ধরা পড়বে না”। তাঁরা আরও বলেছিল, ভারত যদি কোনও ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান (false flag operation) চালায়, তাহলে সেই পরিস্থিতি কাজে লাগিয়ে মডিউলকে সক্রিয় রাখবে। এই গোপন নির্দেশেই শাকিব নিজের নেটওয়ার্ক বাড়াতে থাকে।

হিন্দু যুবকদের ব্যবহার করে নিরাপত্তা ফাঁকি

তদন্তকারীরা জানান, শাকিবকে বলা হয়েছিল হিন্দু যুবকদের দলে টানতে, যাতে কোনও জায়গায় ঢোকা বা ঘোরাফেরা করা নিয়ে সন্দেহ না হয়। সেই নির্দেশে সে বিকাশ ও লোকেশকে দলে নেয়। দু’জনকে দেওয়া হয়েছিল কোডনেম- বিকাশ ছিল ‘জাহিদ’ এবং লোকেশ ‘সালিম’। বিশেষত লোকেশকে নানা ধর্মীয় ও সংবেদনশীল জায়গায় রেইকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ হিন্দু পরিচয়ে সেখানে সহজেই ঢোকা সম্ভব হয়েছিল।

দুবাই-পাকিস্তান যোগ

তদন্তে আরও সামনে এসেছে দুবাই-যোগ (Dubai Linked)। আকিব নামে একজন বিদেশে বসে পুরো মডিউলের যোগাযোগ ও নিয়োগের কাজ দেখত। তার মাধ্যমে শাকিব সরাসরি পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত ছিল। আকিব নাকি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকা, অস্ত্রের ছবি এবং ‘মোটিভেশনাল’ প্রোপাগান্ডা ব্যবহার করে যুবকদের টানত।

ডিফেন্স সাইটে রেইকি, ভিডিও পাঠানো

এটিএস জানায়, এই গ্রুপটি রাজ্যের একাধিক সেনা শিবির ও সংবেদনশীল স্থাপনার রেইকি করেছে। গুগল লোকেশন পাঠিয়ে নির্দেশ দিত পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা। এরপর শাকিব ও তাঁর সঙ্গীরা সেখানে গিয়ে ভিডিও করে পাঠাত, যার বদলে টাকা পেত। এমনকি কিছু প্রভাবশালী ধর্মীয় ও হিন্দুত্ববাদী নেতার গতিবিধি নিয়েও নজরদারি চালানো হয়েছিল বলে সন্দেহ।

তথ্যসূত্র: India Today