Monday, September 28, 2026
Latestদেশ

বাজারে আসছে ১০০% ইথানলচালিত গাড়ি, লিটার প্রতি খরচ মাত্র ২৫ টাকা: নিতিন গড়করী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পেট্রোলের বিকল্প হিসেবে ইথানলের ব্যবহার বাড়াতে এবার আরও একধাপ এগোতে চলেছে ভারত। আগামী অক্টোবরে দেশে ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ি লঞ্চ হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়ী জানিয়েছেন, এই গাড়ি পেট্রোল ছাড়াই সম্পূর্ণ ইথানলে চলতে সক্ষম হবে।

দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়কড়ী দাবি করেন, ইথানলচালিত এই গাড়ি ব্যবহারের খরচ প্রায় ২৫ টাকা প্রতি লিটার পেট্রোলে চলা গাড়ির খরচের সমান হতে পারে। তাঁর আরও দাবি, গাড়িটি চলার সময় প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। অক্টোবরে গাড়িটির লঞ্চ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

গড়কড়ীর দাবি, বর্তমানে বিশ্বের ১৯টি দেশে ইথানল ব্যবহার করা হচ্ছে। ভারতে ইথানল-মিশ্রিত জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও এখনও বড় কোনও অভিযোগ সামনে আসেনি বলে দাবি করেন তিনি।

শুধু টয়োটা নয়, ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তিতে এগোচ্ছে ভারত

১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম টয়োটার ইনোভাই ভারতে এই প্রযুক্তির প্রথম উদাহরণ নয়। জুন মাসে মারুতি সুজুকি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি বাজারে এনেছে বলে জানা গিয়েছে।

ফ্লেক্স-ফুয়েল গাড়ির বিশেষত্ব হল, এই ধরনের গাড়িতে বিভিন্ন মাত্রায় ইথানল ও পেট্রোলের মিশ্রণ ব্যবহার করা যায়। বর্তমানে কিছু মডেলে E20 থেকে শুরু করে ১০০ শতাংশ ইথানল পর্যন্ত জ্বালানি ব্যবহারের সক্ষমতা থাকতে পারে।

বাইক ট্যাক্সি পরিষেবা বাড়ানোর পক্ষেও সওয়াল

একই অনুষ্ঠানে অ্যাপ-ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা আরও সম্প্রসারণের পক্ষেও সওয়াল করেন গড়কড়ী। তাঁর বক্তব্য, যাঁদের ইতিমধ্যেই দু’চাকার গাড়ি রয়েছে, তাঁরা অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারেন। গ্রামাঞ্চলেও বাইক ট্যাক্সি পরিষেবা চালুর জন্য রাজ্যগুলিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

গড়কড়ীর মতে, এই পরিষেবা সম্প্রসারিত হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

কৃষকদের আয় বাড়াতেও ইথানলের উপর জোর

ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয়ের সুযোগ বাড়ানোর বিষয়টিও বারবার তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, ইথানল উৎপাদনের ফলে কৃষিপণ্যের চাহিদা বাড়ছে। মধ্যপ্রদেশে নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধনের সময়ও কৃষকদের জন্য ইথানলকে গুরুত্বপূর্ণ শক্তির উৎস হিসেবে তুলে ধরেছিলেন তিনি। ইথানল উৎপাদন শুরু হওয়ার পর ভুট্টার দাম বেড়েছে বলেও দাবি করেন গড়কড়ী।

পাশাপাশি দেশে ইলেকট্রিক ও হাইড্রোজেনচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর পক্ষেও জোর দিচ্ছেন তিনি। ফলে পেট্রোল-ডিজেলের পাশাপাশি ইথানল, বিদ্যুৎ ও হাইড্রোজেন—বিকল্প জ্বালানির একাধিক প্রযুক্তিকে সামনে রেখে দেশের পরিবহণ ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ চলছে। এবার ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম ইনোভার বাজারে আসার পর এই প্রযুক্তি ভারতীয় গাড়ির বাজারে কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটাই দেখার বিষয়।