Wednesday, July 29, 2026
রাজ্য​

৬ মাস ধরে স্কুলে না গিয়েও বাড়িতে বসে বসে বেতন পাচ্ছিলেন, অবশেষে জীবনকৃষ্ণের বেতন বন্ধ করলো স্কুল কর্তৃপক্ষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jibankrishna Saha)। গ্রেফতার হওয়ার পরে তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ। হিসেব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের।

এর মধ্যেই জানা গেল, গত ৬ মাস ধরে স্কুলে না গিয়েও বাড়িতে বসে বসেই বেতন পাচ্ছিলেন জীবনকৃষ্ণ। অবশেষে মে মাস থেকে তার বেতন বন্ধ করল বীরভূমের নানুরের দেবগ্রাম হাই স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, জীবনকৃষ্ণ বিধায়ক হওয়ার দরুণ বিধানসভা থেকে প্রতি মাসে ৮২ হাজার টাকা করে বেতন পাচ্ছেন। ভাতা পাচ্ছেন ১৮ হাজার টাকা। বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিলে আরও ৬৪ হাজার টাকা পান জীবনকৃষ্ণ।

প্রশ্ন উঠছে, দীর্ঘ ৬ মাস স্কুলে না গিয়েও কিভাবে চালু থাকলো জীবনকৃষ্ণের বেতন?