‘জয় শ্রী রাম’ স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, মমতাকে পরামর্শ দিলীপের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান ওঠে। স্বভাবতই এতে রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ”উনি নাম, বদনামের ধার ধারেন না। টাকার থলি নিয়ে রাজ্যে রাজ্যে করেন। কিন্তু কিছু করতে পারছে না।আমাদের দেশে বন্দে মাতরাম বলতে আইনি বাধা নেই। জয় শ্রী রাম বলতেও বাধা নেই। তাহলে উনি ক্ষেপে যাচ্ছেন কেন? আমাদের পেছনে তো রোজ জয় বাংলা বলছেন। আমরা তো ক্ষেপে যাই না। জয় শ্রী রাম স্লোগানে যদি আপনার আপত্তি থাকে, তাহলে বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। এবার বিল এনে জয় শ্রী রাম স্লোগান নিষিদ্ধ করে দিন।”
দিলীপ ঘোষ বলেন, “ইংরেজিরা সার্কুলার জারি করে বন্দেমাতরম ভারতে নিষিদ্ধ করে দিয়েছিল। এবার তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে জয় শ্রী রাম নিষিদ্ধ করে দিক। মানুষ বুঝে যাবে, এরা কারা।”
দিলীপ ঘোষ আরো বলেন, ”ওর রাজনীতিটাই নেগেটিভ পলিটিক্স। শুধু নাটক। আপনিতো জয় শ্রী রাম বলায় কিছু মানুষকে জেলে ঢুকিয়েছিলেন। সারা বাংলার লোক ক্ষেপে আছে। এভাবে গণতন্ত্র চলতে পারে না। আপনারা সরকারি অনুষ্ঠানে আমাদের সাংসদ, বিধায়কদের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে মমতার কোনো অবদান নেই। উনি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সত্যি করেছেন মোদীজি। আপনার রাজ্যে আপনি অতিথি হয়ে এসেছেন। আর এমন ভাব করছেন যেন, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।”
উল্লেখ্য, শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকা বিজেপি সাংসদ ও বিধায়করা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোরে জোরে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। এতেই ক্ষেপে যান মুখ্যমন্ত্রী। তাকে সামলানোর চেষ্টা করেন রেলমন্ত্রী। হাত জোড় করে বলা স্বত্বেও মূলমঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। দর্শকাসন থেকেই বক্তব্য রাখেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

