Tuesday, February 10, 2026
Latestরাজ্য​

Budget 2026: কেন্দ্রীয় বাজেটে কী কী পেল পশ্চিমবঙ্গ?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ পশ্চিমবঙ্গের জন্য পরিকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে রেল ও ফ্রেট করিডর প্রকল্পে বাংলাকে যুক্ত করে বড়সড় আর্থিক ও নীতিগত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটে বাংলার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক ফ্রেট করিডর প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফ্রেট করিডর নির্মাণের ঘোষণা করা হয়েছে, যা দেশের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে বাণিজ্যিক সংযোগ আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী গোটা ভারতে মোট ৭টি হাই-স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব দিয়েছেন। এই করিডরগুলির মূল রুটের মধ্যে রয়েছে, মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে চেন্নাই, বারাণসী থেকে শিলিগুড়ি।

বিশেষভাবে বারাণসী–শিলিগুড়ি রুটটি পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রুটের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলির সংযোগ আরও সহজ হবে।

শিল্পায়নের ক্ষেত্রেও বাংলার জন্য আশাব্যঞ্জক ঘোষণা রয়েছে। দুর্গাপুরে একটি শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব বাজেটে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এই করিডর বাস্তবায়িত হলে রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ঘোষিত করিডরগুলির পরিকাঠামো ও পরিষেবা পরিচালনার জন্য প্রায় ৪,০০০টি ই-বাস চলবে। এর ফলে পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে এবং শহর ও শিল্পাঞ্চলের মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

সব মিলিয়ে, বাজেট ২০২৬-এ বাংলার জন্য রেল, শিল্প ও পরিবহণ ক্ষেত্রে যে ঘোষণাগুলি করা হয়েছে, তা বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।