Thursday, March 12, 2026
দেশ

করোনাকালে কালোবাজারি বন্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্যগুলি: মোদী

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল অবস্থা ভারতের। দেশের বিভিন্ন রাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। কঠিন এই পরিস্থিতিতে কালোবাজারি বেড়েছে। ন্যায্যমূল্যের থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। একথা নিজমুখে স্বীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এদিন তিনি বলেন, অক্সিজেন, ওষুধ কিংবা উপকরণের কালোবাজারি হলে সেটা রাজ্য সরকারকে কড়া হাতে দমন করতে হবে। মজুতদারির বিরুদ্ধে অভিযান চালাক রাজ্য সরকার। পাশাপাশি, রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার প্রদত্ত সহায়তা সঠিকভাবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন।

অভিযোগ, অক্সিজেনের দাম ন্যায্যমূল্যের থেকে কয়েকগুন বেশি নেওয়া হচ্ছে। অক্সিজেনের ফ্লো মিটারের দাম চাওয়া হচ্ছে ৯ হাজার টাকা! যা সাধারণ সময়ের নিরিখে কয়েকগুন বেশি। অ্যাম্বুল্যান্সের ভাড়াও কয়েকগুন বেশি টাকা চাওয়া হচ্ছে। যেখানে সাধারণ সময়ে ৫-৬ হাজার টাকা ভাড়া নেওয়া হতো, এখন তা ২০-৩০ হাজার টাকা গুণতে হচ্ছে। রেমডিসিভারের দাম যেখানে সাড়ে তিন হাজার টাকা সেখানে দাম চাওয়া হচ্ছে ৩০-৪০ হাজার টাকা।

জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি রাজধানী দিল্লিতে কালোবাজারি ও দালালরাজ বেড়েছে ব্যাপক হারে। এমনকি শ্মশানে করোনা রোগীদের মৃতদেহ দাহ করতে গিয়ে দালালদের দিতে হচ্ছে মোটা অংকের টাকা। সবকিছু জেনেও নির্বিকার প্রশাসন। তাই বিষয়টি কঠোর হাতে রাজ্যগুলোকে বন্ধের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।