‘যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তদন্ত করতে পারে না’, কসবা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি
কলকাতা: কসবা কাণ্ডে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে। তার সঙ্গে একাধিক তৃণমূল নেতা-নেত্রীর ছবি ভাইরাল হয়েছে। দেবাঞ্জনকে জেরা করে পুলিশ চাঞ্চল্যকর অনেক তথ্য হাতে পেয়েছে। কসবায় ভুয়ো টিকা কেন্দ্র নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শুক্রবার জয়প্রকাশ বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তদন্ত করবে এটা হতে পারে না।
জয়প্রকাশ বলেন, প্রশাসন, স্বাস্থ্য দফতর এবং পুলিশ কি করছিল? এদের সাহায্য ছাড়া এতবড় ঘটনা ঘটতে পারে না। আমরা মনে করি এটা হিমশৈলের চূড়া। এটাকে তদন্ত করলে অনেক কিছু বের হয়ে আসবে। কিন্তু তদন্ত কে করবে? যারা এর সঙ্গে জড়িত তারাই তদন্ত করবে? নিজেরাই ফাউল করবে নিজেরাই রেফরি হবে? এই প্রশ্ন আজ বাংলার মানুষ করছে। সিবিআই তদন্ত করলে তবেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।
বিজেপি নেতা সায়ন্তন বসুও CBI তদন্তের দাবি জানান। তার অভিযোগ, ভুয়ো IAS দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগ রয়েছে। শাসকদলের সাংসদ, মন্ত্রীরা এই চক্রের সঙ্গে যুক্ত। এই ঘটনায় সরাসরি কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেযারম্যান ফিরহাদ হাকিমকে নিশানা করেন তিনি।
সায়ন্তন বসুর অভিযোগ, এই ঘটনার CID তদন্ত হলে সত্য উন্মোচিত হবে না। দোষীরা ছাড়া পেয়ে যাবে। পুরসভা ও শাসকদলের নেতা-মন্ত্রীদের বাঁচাবে CID। তাই CBI তদন্তের দাবি জানাই।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, কসবার ক্যাম্প থেকে ভ্যাকসিন নয়, জল দেওয়া হয়েছিল। সেই ভুয়ো ভ্যাকসিনই নিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

