পুরুলিয়ায় জুপিটার ডিফেন্সকে ২৫৬ একর জমি দিল রাজ্য সরকার, তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেডকে প্রায় ২৫৬ একর জমি বরাদ্দ করল রাজ্য সরকার। রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী ফেজ-২ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই জমি বরাদ্দ করা হয়েছে।
রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের উদ্যোগে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে জমি বরাদ্দ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।
জুপিটার ডিফেন্সের পক্ষ থেকে প্রকল্পটিকে বৃহৎ আকারের অত্যাধুনিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থার দাবি, ‘এটি বাংলায় প্রথম বড় মাপের প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হতে চলেছে।’
জুপিটার ওয়াগনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া এই জমি বরাদ্দের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, ‘এই জমি বরাদ্দ শিল্পায়নের প্রতি সরকারের প্রতিশ্রুতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগের প্রমাণ।’
বিবেক লোহিয়া বলেন, ‘এই প্রকল্প ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা এবং ওই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।’
জুপিটার ওয়াগনস লিমিটেডের চেয়ারম্যান এমেরিটাস মুরারি লাল লোহিয়াও রাজ্যের শিল্প উন্নয়নে নতুন করে গুরুত্ব দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, ‘এই প্রকল্প ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানে সহায়তা করবে।’
বিবেক লোহিয়া বলেন, ‘ভারতকে আরও শক্তিশালী এবং পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ ও শিল্পসমৃদ্ধ করে তুলতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সংস্থা।’

