Thursday, January 22, 2026
Latestখেলা

মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারত সরকারের তরফে কোনও বাধা নেই: বিসিসিআই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতবিরোধী মন্তব্য এবং হিন্দু যুবককে পিটিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সমর্থকের একাংশের ক্ষোভের পাশাপাশি কলকাতার ম্যাচ বয়কটের ডাকও ওঠে।

এই পরিস্থিতিতে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)। বোর্ড জানিয়েছে, মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।

এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, “মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণে কোনো আইনি জটিলতা নেই। নিয়ম অনুযায়ী তিনি খেলতে সম্পূর্ণ যোগ্য। তাই এই বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছে না।” একই সঙ্গে ওই কর্তা মনে করিয়ে দেন, “বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়।

তিনি আরও বলেন, “আমরা বিষয়টির সংবেদনশীলতা সম্পর্কে সচেতন। কূটনৈতিক পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের তরফে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”

উল্লেখ্য, মুস্তাফিজ দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একাংশ সমর্থকের ক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। পরিসংখ্যান বলছে ১৯৪৭ সালে বাংলাদেশে হিন্দু ছিল প্রায় ২৮ শতাংশ। বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.৯৫ শতাংশ।