২০২৫–২৬ অর্থবর্ষে আম আদমি পার্টিতে ২১,১০০ টাকা অনুদান দিয়েছেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে আন্দোলন করে আলোড়ন ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এর মধ্যেই এবার কে কত টাকা অনুদান দিয়েছে তার রিপোর্ট প্রকাশ করলো আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, AAP-এর প্রাক্তন মুখপাত্র এবং বর্তমানে ককরোচ জনতা পার্টির (CJP) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কাও অনুদান দিয়েছেন আম আদমি পার্টিকে।
২০২৫–২৬ অর্থবর্ষে আম আদমি পার্টিতে ২১,১০০ টাকা অনুদান দিয়েছেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। নেটিজেনদের কটাক্ষ, ‘CJP-এর পোস্টার বয় হওয়ার আগে আম আদমি পার্টিতে ছিলেন আশুতোষ রাঙ্কা।
কেজরিওয়ালের হয়ে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে—এমন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এখন সেই একই ব্যক্তি CJP-কে ‘নিরপেক্ষ’ প্ল্যাটফর্ম বলে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছেন।
কিন্তু কার কাছে নিরপেক্ষ? ওই বছর AAP অনুদান হিসেবে মোট ₹১২.১০ কোটি সংগ্রহ করেছিল। রাঙ্কা কোনও নিরপেক্ষ দর্শক ছিলেন না। AAP-এর রসিদে তাঁর নামও ছিল। CJP কোনও রাস্তার আন্দোলন থেকে উঠে আসেনি। এটি AAP-এর হিসাবের খাতা থেকেই বেরিয়ে এসেছে।’
২০২৫–২৬ অর্থবর্ষে আম আদমি পার্টি (AAP) মোট ১২.০৯ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের Contribution Report অনুযায়ী, আগের অর্থবর্ষের তুলনায় এই অনুদানের পরিমাণ ৬৮ শতাংশ কমেছে। একই সময়ে বিজু জনতা দল (BJD)-এর অনুদান ১০০ শতাংশ কমেছে। ওড়িশায় দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর এই প্রথম বছর দলটি ক্ষমতার বাইরে রয়েছে।
২০২৫–২৬ অর্থবর্ষে AAP-এর ঘোষিত মোট অনুদানের প্রায় পুরোটাই এসেছে দুই দাতার কাছ থেকে—Prudent Electoral Trust এবং Trident Limited। দু’টি সংস্থাই ৫ কোটি টাকা করে অনুদান দিয়েছে। Prudent Electoral Trust রাজনৈতিক দলগুলির অন্যতম গুরুত্বপূর্ণ অনুদানদাতা। অতীতে ভারতী, টাটা গ্রুপ, জিন্দাল-সহ বিভিন্ন বড় কর্পোরেট সংস্থার কাছ থেকে এই ট্রাস্ট অনুদান পেয়েছে।
২০২৫–২৬ অর্থবর্ষে Prudent Electoral Trust-এর অনুদান সংক্রান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে, Trident Ltd-এর প্রতিষ্ঠাতা রাজিন্দর গুপ্তা পাঞ্জাবের এক শিল্পপতি, যিনি চলতি বছরের গোড়ায় বিজেপিতে যোগ দেওয়ার আগে AAP-এর রাজ্যসভার সাংসদ ছিলেন।
এছাড়াও AAP ৫ লক্ষ টাকা পেয়েছে Jain Siddiqui and Associates-এর কাছ থেকে এবং ২০,০১০ টাকা পেয়েছে Brilliant Study Centre-এর কাছ থেকে। বাকি অনুদানদাতাদের মধ্যে ছিলেন বিভিন্ন ব্যক্তি। তবে সবকিছুকে ছাপিয়ে আশুতোষ রাঙ্কার নাম নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

