৫০ জনকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠান করা যাবে, ইদের মুখে ঘোষণা মমতার
কলকাতা: করোনার দ্বিতীয় ধাক্কায় শোচনীয় অবস্থা দেশের বিভিন্ন রাজ্যের। পশ্চিমবঙ্গের অবস্থাও বেশ নাজুক। লাগামহীন ভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও লংক্রমণ রোখা যাচ্ছে না। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বরং উল্টে করোনা আবহে ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি জানান, ৫০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে। উল্লেখ্য, রবিবারই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, ভাইরাসের বাড়বাড়ন্তে কারণে এবার রেড রোডে ইদের নামাজ হবে না। ইদের নামাজ বাড়িতে বসেই করার আর্জি জানিয়েছেন মমতা।
সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে না। তবে লকডাউনের মতো কড়া বিধি বলবৎ করা হবে। লকডাউনের মতো নিয়ম কানুন মেনে চলতে হবে আমাদের। সম্পূর্ণ লকডাউন করলে অনেক মানুষ খেতে পারবে না।
উল্লেখ্য, বাংলায় করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে। গণপরিবহণ সীমিত করা হয়েছে। জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তারাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজার দিনের দুটি নির্দিষ্ট সময় খোলা রাখার কথা বলা হয়েছে।


