Wednesday, September 23, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে বিরাট বড় অঙ্কের বিনিয়োগ আসবে? আদানির পর এবার মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুম্বইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ায় গিয়ে আম্বানি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত অম্বানীর গণেশপুজোর আমন্ত্রণে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী আম্বানি পরিবারকে কালীঘাটের মা কালীর একটি বিশেষ স্মারক উপহার দেন। নিজের সামাজিক মাধ্যমে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা এবং কর্মসংস্থান তৈরির বিভিন্ন সুযোগ নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। রাজ্য তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত জুন মাসে আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানির সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর কলকাতার উপকণ্ঠে নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২,০০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা সামনে আসে। কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই হাসপাতালের ভূমিপুজো শীঘ্রই হবে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে শিল্পায়নকে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে সরকার। ডানকুনি থেকে পুরুলিয়া—বিভিন্ন এলাকায় কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগে শিল্প সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত প্রায় ৩,৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণাও হয়েছে।

আম্বানি পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে সেই শিল্পায়ন ও বিনিয়োগ প্রচেষ্টারই আর একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে আলোচিত সম্ভাবনাগুলি বাস্তবে কতটা বিনিয়োগ ও কর্মসংস্থানে পরিণত হয়, এখন সেটিই নজরে।