Sunday, May 3, 2026
Latestরাজ্য​

জাহাঙ্গির খান ‘ঘনিষ্ঠ’দের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের, নির্দেশ অমান্য করলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট-পরবর্তী অশান্তিকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ‘ঘনিষ্ঠ’দের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি—নির্দেশ পালন না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে। অভিযোগে নাম উঠে আসা ইস্রাফুল চোকদার এবং সুজাদ্দিন শেখের বিরুদ্ধে নির্দিষ্টভাবে এফআইআর দায়েরের কথা বলা হয়েছে। তাঁদের সহযোগীদের বিরুদ্ধেও একই পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

দ্বিতীয় দফার ভোটের সময় থেকেই ফলতায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও শনিবার রাজ্যের ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, সেই তালিকায় ফলতার কোনও বুথ নেই। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বিজেপি সমর্থক বলে পরিচিত পরিবারগুলির বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে। গ্রামবাসীদের একাংশ দাবি করেছেন, ইস্রাফুল চোকদারের নেতৃত্বেই এই হুমকি দেওয়া হচ্ছে।

শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ফলতার হাশিমনগর এলাকা। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, ভোট দিতে বাধা দেওয়া হয়েছে তাঁদের, এবং প্রতিবাদ করায় হামলার শিকার হতে হয়েছে। পরিস্থিতির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধও করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। তবে শনিবার ফের উত্তেজনা ছড়ালে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, হামলা ও হুমকির ঘটনায় এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি পুলিশ। 

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। উল্লেখ্য, ফলতা বিধানসভার সবকটি—মোট ২৮৫টি পোলিং স্টেশনেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে ভোটগ্রহণ এবং ২৪ মে গণনা হওয়ার কথা। এখন নজর কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসন কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে পদক্ষেপ নেয়।