বাংলাদেশি সন্দেহে ওডিশায় আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটের মুখে ফের ভিনরাজ্যে আট বাংলার শ্রমিকরা। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় ফেরি করতে যাওয়া মালদহের ১৭ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক, অভিযোগ পরিবারের
পরিবারের দাবি, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট-সহ আশপাশ এলাকার ওই শ্রমিকরা বহুদিন ধরেই ওড়িশায় ফেরিওয়ালার কাজ করেন। মঙ্গলবার রাতে পুলিশ তাদের পরিচয়পত্র দেখতে চায়। শ্রমিকদের কাছে বৈধ নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বলে অভিযোগ।
আটক এক শ্রমিকের স্ত্রীর কথায়, “বাংলায় কথা বলা কি অপরাধ? শুধু এই কারণেই ওদের বাংলাদেশি সাজিয়ে আটকে রাখা হল।” পরিবারের দাবি, ভোটের টানে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা, সেই সময়ই এই ঘটনা ঘটে।
রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্র—দুই প্রশাসনই। অন্যদিকে শাসকদলের তরফে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।


