‘মাথায় ফেট্টি, হাত-পা ভাঙলেও এবার ছলনায় পা দেবেন না’, মমতাকে কটাক্ষ অমিত শাহর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুবরাজপুরের সভামঞ্চ থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন অমিত শাহ (Amit Shah)। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি কটাক্ষের সুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে বলেন, “প্রতিবার ভোটের আগে দেখা যায় তাঁর মাথায় ফেট্টি, কখনও হাত বা পা ভাঙা—কিন্তু এবার এখনও তেমন কিছু দেখা যাচ্ছে না কেন?”
সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন, “নির্বাচনের আগে সহানুভূতি আদায়ের লক্ষ্যে নাটক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর দাবি, “অতীতেও এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং তা মানুষের আবেগে প্রভাব ফেলতে ব্যবহৃত হয়েছে।”
এদিন তিনি আরও বলেন, “ধরুন এবছরও যদি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত-পা ভাঙে বা মাথায় ব্যান্ডেজ পড়ে, তবুও বাংলার মানুষ যেন সেই ছলনায় পা না দেন।”
অমিত শাহর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই বক্তব্যকে ‘অপমানজনক’ এবং ‘অসংবেদনশীল’ বলে কড়া সমালোচনা করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, এটি রাজনৈতিক বক্তব্যের অংশ এবং তারা রাজ্যের সরকারের ‘বাস্তব চিত্র’ তুলে ধরতেই এমন মন্তব্য করেছেন।
নির্বাচনের আগে এই ধরনের বাকযুদ্ধ যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার ভোটযুদ্ধ যত এগোবে, ততই ব্যক্তিগত আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাত্রা বাড়তে পারে।


