ভোটের ফল ঘোষণার পরেও বাংলায় মোতায়েন থাকবে ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট মিটলেও রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে, ফলপ্রকাশের পরেও পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে মোট ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৫০০ কোম্পানি থাকবে সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য, আর ২০০ কোম্পানি সিএপিএফ (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী) নিয়োজিত থাকবে ইভিএম, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তায়।
কমিশন সূত্রে খবর, গণনার কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এই বাহিনীকে সরানো হবে না। ভোট-পরবর্তী সময়ে যাতে কোনও রকম অশান্তি, ভাঙচুর বা ইভিএম নষ্ট করার মতো ঘটনা না ঘটে, সেই কারণেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনেক ক্ষেত্রেই ফল ঘোষণার পর রিপোলের দাবি ওঠে, ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনাও থেকে যায়, এই আশঙ্কা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে কমিশন।
ওয়াকিবহাল মহলের মতে, অতীতের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। প্রায় প্রতিটি নির্বাচনের পরেই বাংলায় হিংসার অভিযোগ উঠেছে। ভোটের আগে যেমন উত্তেজনা থাকে, তেমনই ভোটের পরেও বহু জায়গায় সংঘর্ষ, রক্তপাত এবং প্রাণহানির ঘটনা সামনে এসেছে। শেষ বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন বারবার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন।
তবে ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নতুন ঘটনা নয়। আগেও এই ছবি দেখা গিয়েছে। কিন্তু এবারের মতো এত বড় সংখ্যায় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ভোট মিটে যাওয়ার পরও ৭০০ কোম্পানি রাজ্যে থেকে যাচ্ছে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতেই এই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।


