Thursday, April 30, 2026
Latestরাজ্য​

ভোটকর্মী শিক্ষককে মারধর, হাঁসখালির বিডিও-কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নদিয়ার রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে নদিয়া জেলার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে, যেখানে ভোটের প্রশিক্ষণ চলছিল। অভিযোগ, প্রশিক্ষণ শুরুর আগে প্রোজেক্টরের মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দির-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভিডিও দেখানো হচ্ছিল। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবিও প্রদর্শিত হয় বলে দাবি।

এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করা হচ্ছিল। প্রতিবাদ করার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তাঁর রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

এই ঘটনার জেরে প্রশিক্ষণ কার্যক্রমও স্থগিত হয়ে যায়। কমিশন দ্রুত রিপোর্ট চেয়ে পাঠায় হাঁসখালির বিডিওর কাছে। তবে সায়ন্তন ভট্টাচার্য মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যে, সৈকতই অশান্তি সৃষ্টি করেছিলেন।

তবে কমিশন এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভোটকর্মীদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা সত্ত্বেও বিডিও প্রোটোকল বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটিয়েছে।

কমিশন ১ এপ্রিল সকাল ১১টার মধ্যে সাসপেনশন কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মুখ্যসচিবকে চিঠি দিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।