Tuesday, March 31, 2026
কলকাতা

পেট্রোল পাম্প-রেশনের দোকানে মিলবে কেরোসিন, নির্দেশিকা জারি কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিম এশিয়ায় ইরান বনাম ইসরায়েল-আমেরিকার সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। অপরিশোধিত তেলের সরবরাহে অনিশ্চয়তা এবং পরিবহণে বাধার কারণে এলপিজি-সহ বিভিন্ন জ্বালানির বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের রান্নার জ্বালানি নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য দেশের সমস্ত পেট্রোল পাম্প থেকে কেরোসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এলপিজির বিকল্প হিসেবে যাতে কেরোসিন সহজলভ্য হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রতিটি পেট্রল পাম্পে সর্বাধিক ৫ হাজার লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখা যাবে বলেও জানানো হয়েছে।

এর পাশাপাশি, গণবণ্টন ব্যবস্থার আওতায় রেশন দোকানগুলির মাধ্যমেও কেরোসিন বিক্রির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে উন্নতমানের কেরোসিন সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিরবচ্ছিন্ন জোগান বজায় থাকে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি জেলা প্রশাসনকে অন্তত দু’টি করে সার্ভিস স্টেশন চিহ্নিত করতে হবে, যেখানে কেরোসিন মজুত ও বিক্রির ব্যবস্থা থাকবে। এতে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই দ্রুত জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সাময়িকভাবে জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হলেও দীর্ঘমেয়াদে বিকল্প শক্তির উৎস বাড়ানোর দিকেই জোর দেওয়া উচিত। তবে আপাতত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে রান্নার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।