কুলগামে CRPF জওয়ানদের উপর হামলা, লস্কর-ই-তৈবা যুক্ত? জঙ্গি মহম্মদ লতিফ ভাটের খোঁজে তল্লাশি জোরদার, মাথার দাম ১৫ লাখ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে CRPF (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) জওয়ানদের উপর বুধবারের হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে জঙ্গি মহম্মদ লতিফ ভাটের নাম। তাকে গ্রেফতার করতে নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি অভিযান আরও জোরদার করেছে। খোঁজ দিতে পারলে ১৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশের প্রকাশিত মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের পোস্টারে যে চার সক্রিয় জঙ্গির ছবি ও নাম প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম লতিফ।
কুলগামের খ্রেওয়ান চাদ্দের এলাকার বাসিন্দা লতিফ ভাটকে উপত্যকায় সক্রিয় হাতে গোনা কয়েকজন স্থানীয় জঙ্গির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। সে কাশ্মীর রেভলিউশনারি আর্মি (KRA)-র সঙ্গে যুক্ত। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা সরাসরি নিজেদের ভূমিকা আড়াল করতে এই ছদ্ম সংগঠনটি তৈরি করেছে।
দক্ষিণ কাশ্মীরের কুলগাম, শোপিয়ান এবং অনন্তনাগ জেলায় সক্রিয় লতিফের স্থানীয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW) নেটওয়ার্কের উপর যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক একাধিক জঙ্গি হামলায় তার যোগসূত্র থাকার সন্দেহ করছেন তদন্তকারীরা। এর মধ্যে রয়েছে গত ২২ জুলাই অনন্তনাগে জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল আশিক হুসেনকে গুলি করে হত্যার ঘটনা। এছাড়াও ৩১ জুলাই কুলগামে ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিক দীপক ও ভূপেন্দ্রকে লক্ষ্য করে চালানো হামলাতেও তার জড়িত থাকার সন্দেহ রয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রের দাবি, সাধারণ জঙ্গি মডিউলের তুলনায় লতিফের হামলার কৌশল কিছুটা আলাদা। তার কাছে AK-47 রাইফেল রয়েছে বলে জানা গিয়েছে। সে একা অথবা ছোট দল নিয়ে দ্রুত হামলা চালায় এবং তারপর মুহূর্তের মধ্যে স্থানীয় জনতার মধ্যে মিশে গিয়ে আত্মগোপন করে।
২০২৬ সালের জুলাই মাসে শোপিয়ানে একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর ঘেরাও অভিযানের সময় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার জাকির গনির সঙ্গে আটকে পড়েছিল লতিফ। ওই অভিযানে জাকির গনি নিহত হলেও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। এরপর তার খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে তার সন্ধানে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।

