‘খারাপভাবে স্পর্শ’ করার প্রতিবাদ করায় মুম্বাই লোকাল ট্রেন থেকে মহিলাকে ধাক্কা, চাকার নিচে কাটা পড়ে বাদ গেল বাঁ হাত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকাল ট্রেনে এক ব্যক্তির অশালীন আচরণের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় ওই মহিলার বাঁ হাত কনুইয়ের কাছ থেকে কাটা পড়েছে। পাশাপাশি মাথায় ১৬টি সেলাই পড়েছে তাঁর। মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে মুম্বইয়ের লোকাল ট্রেনে।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম জিতেন্দ্র হিরমুখে (৫৩)। তিনি নাইগাঁও ইস্টের বাসিন্দা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তরুণী বোরিভলি থেকে বিরারের উদ্দেশে লোকাল ট্রেনে উঠেছিলেন। অভিযোগ, ট্রেনে যাত্রার সময় জিতেন্দ্র তাঁকে বারবার অশালীনভাবে স্পর্শ করছিলেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওই মহিলা অভিযুক্তকে নিজের চটি ছুড়ে মারেন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ট্রেনের অন্যান্য যাত্রীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ওই মহিলাকে গালিগালাজ করেন এবং নিজের চটি ছুড়ে মারেন।
অভিযোগ, নাইগাঁও স্টেশনে ট্রেন পৌঁছনোর পরেও দু’জনের মধ্যে বচসা চলতে থাকে। সেই সময় অভিযুক্ত ওই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এর ফলে তিনি দুটি কামরার মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান। প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময়ই ট্রেন চলতে শুরু করে। তখন তাঁর বাঁ হাত ট্রেনের চাকার নিচে চলে যায়। গুরুতর জখম অবস্থায় কনুইয়ের কাছ থেকে তাঁর বাঁ হাত কেটে বাদ দিতে হয়।
একজন পুলিশকর্মী ও অন্যান্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তোলেন। ঘটনার পর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অভিযুক্ত পালিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
হাসপাতালের বিছানা থেকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই মহিলা বলেন, বোরিভলি থেকে নাইগাঁও যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করেন এবং অভিযুক্তকে প্রশ্ন করেন, তাঁর বাড়িতে মা-বোন নেই কি না। কিন্তু তারপরেও ওই ব্যক্তি তাকে বিরক্ত করতে থাকেন।
মহিলার কথায়, তিনি অভিযুক্তকে গালিগালাজ করলে অভিযুক্তও পাল্টা গালিগালাজ করেন। তাঁকে দূরে সরানোর জন্য চটি দিয়ে আঘাত করতেই অভিযুক্ত নিজের চটি দিয়ে তাঁকে মারেন এবং পরে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
কান্নাজড়িত কণ্ঠে ওই মহিলা বলেন, “আমি বিচার চাই। আমার গোটা জীবনটাই নষ্ট হয়ে গেল। সংসারের সমস্ত দায়িত্ব আমিই সামলাতাম। এখন একটা হাত নিয়ে কীভাবে সবকিছু করব? মাথায় ১৬টি সেলাই পড়েছে। আমার দ্রুত সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন। অভিযুক্তের কঠোর শাস্তি চাই।”
এদিকে, পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারা (খুনের চেষ্টা) যুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
পরিবারের তরফে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সাহায্য চাওয়া হয়। এরপর দলের প্রতিনিধিরা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (GRP) সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই ঘটনার সঙ্গে সম্পর্কিত উপযুক্ত ধারাগুলি যুক্ত করা হবে।

