তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ৩ জওয়ানকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের বাকি আর হাতে গোনা কয়েকদিন। তার মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলার অভিযোগে ৩ সিআরপিএফ জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
সূত্রের খবর, শনিবার বীরভূমের একটি এলাকায় টহল দেওয়ার দায়িত্বে ছিলেন ওই জওয়ানরা। অভিযোগ, ডিউটির মাঝেই আচমকাই তাঁরা ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় কার্যালয়ে। সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার পাশাপাশি শুরু করেন ক্যারাম খেলা। প্রায় এক ঘণ্টা ধরে চলে সেই খেলা বলেও দাবি।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিহিত জওয়ানরা স্থানীয় যুবকদের সঙ্গে ক্যারাম খেলায় ব্যস্ত। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ট্রিবিউন।
ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। দ্রুত তদন্তে নেমে তিন জওয়ানকে চিহ্নিত করা হয় এবং তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে সাসপেনশন জারি করা হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনের মতো স্পর্শকাতর দায়িত্ব পালনকালে কোনওভাবেই দলীয় কার্যালয়ে প্রবেশ বা এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ফলে অভিযুক্ত জওয়ানদের আর নির্বাচনী ডিউটিতে রাখা হবে না।
কেন্দ্রীয় বাহিনীর এই ‘উদাসীন’ ও ‘পক্ষপাতমূলক’ আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্তারা।


