Monday, March 30, 2026
Latestরাজ্য​

West Bengal Assembly Election 2026: এবার ৮৪ জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের মুখে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত মোট ৮৪ জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গত ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) একগুচ্ছ বিডিও ও এআরও-র বদলির প্রস্তাব পাঠান। সেই প্রস্তাব খতিয়ে দেখার পর ৮৩ জন আধিকারিকের বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন। যদিও তালিকায় ৮৪ জনের নাম থাকলেও একজন আধিকারিককে বাদ দিয়ে বাকি সকলের বদলি কার্যকর করা হয়েছে।

জেলা অনুযায়ী দেখলে, সবচেয়ে বেশি রদবদল হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় মোট ১৪ জন বিডিও ও এআরও-কে সরানো হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১১ জন আধিকারিকের বদলি হয়েছে। উত্তর ২৪ পরগনাতেও ৭ জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলার গুরুত্বপূর্ণ ব্লকে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে দুই এআরও-কে বদলি করেছে কমিশন, যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও নির্বাচন কমিশন প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করেছিল। গত বৃহস্পতিবার রাতে রাজ্যের ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসারদের অন্যত্র সরানো হয়। সেখানেও পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল।

সব মিলিয়ে, ভোটের আগে কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।