কলকাতা পুলিশে চাকরি করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তাদেরও শখ, আহ্লাদ রয়েছে। ইচ্ছে রয়েছে আর পাঁচটা সাধারণ মানুষের মতো বাঁচার। বলছি তৃতীয় লিঙ্গের মানুষের কথা। ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নের দিকে জোর দিয়েছে। সরকারি চাকরিতে চলছে আসন সংরক্ষণ। বহুদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ দেওয়ার দাবি উঠেছে।
পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সরাসরি সংরক্ষণের পথে যায়নি। তবে কর্মক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নীতি নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগে ছাড়পত্র দিয়েছে। সর্বপ্রথম এই সিদ্ধান্ত রূপায়ণের কাজ শুরু করা হচ্ছে কলকাতা পুলিশে নিয়োগের মধ্য দিয়ে।
এক প্রশাসনিক কর্তা বলেছেন, “আগামী দিনে রাজ্য পুলিশের আইন সংশোধন করে সেখানেও তৃতীয় লিঙ্গের নিয়োগ হবে।”

