Saturday, May 2, 2026
দেশ

পাকিস্তানের জয়ে উচ্ছাস, ব্যবসায়ীকে কান ধরে হাঁটু গেঁড়ে ‘ভারত মাতা কি জয়’ বলানো হলো গোয়ায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট টিমের জয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। তারপরই তুমুল শোরগোল পড়ে যায়। ক্ষমা চাইতে বাধ্য করা হল তাকে। কান ধরে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি, দিতে হয়েছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও। ঘটনাটি ঘটেছে গোয়ায়।

জানা গেছে, এক ট্রাভেল ভ্লগার একটি ভিডিও প্রকাশ করেছিলেন। তাতে দেখা যায়, পাকিস্তানি ক্রিকেট দলের সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছিলেন গোয়ার এক বাসিন্দা। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের জয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন তিনি।

ভিডিওতে ভ্লগারকে ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। ভ্লগার ওই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলেন, কারা খেলছে? আপনি কি নিউজিল্যান্ডের জন্য উচ্ছাস প্রকাশ করছেন? তার উত্তরে তিনি বলেছিলেন, না, আমি পাকিস্তানের জয়ে আনন্দিত। কারণ জিজ্ঞাসা করেছিলেন ওই যুবক। তখন তিনি বলেছিলেন, এটা মুসলিম প্রধান এলাকা। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ আছড়ে পড়ে।

বৃহস্পতিবার কয়েকজন তার দোকানে হানা দেয়। এরপর তাকে তারা জিজ্ঞাসা করেন, ‘পাকিস্তানকে কেন সাপোর্ট করছিলেন? সেই ঘটনা মোবাইল রেকর্ড করা হয়েছে।’ এরপর তারা ওই ব্যবসায়ীকে বাইরে বের করে আনেন। তিনি কান ধরে হাঁটু মুড়ে ক্ষমা চান।

তাকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হয়ে নীলডাউন দিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন।