Monday, May 25, 2026
কলকাতা

টাকায় নেতাজির ছবি নয় কেন? হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় টাকায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি ছাপানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। ৯৪ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

জনস্বার্থ মামলায় হরেন বাগচী বিশ্বাসের প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর মতো নেতাজির ছবি ছাপা যাবে না? তিনি দাবি করেছেন, ভারত সরকার এখনও পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্রের অবদানকে যথাযথ স্বীকৃতি দেয়নি। তাই নেতাজিকে স্বীকৃতি দেওয়া হোক।

এই জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর সোমবার কলকাতা হাইকোর্ট, কেন্দ্রকে আট সপ্তাহের মধ্যে এই আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একটি বেঞ্চ আট সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এ বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। কিন্তু তাঁর শেষ পরিণতি কী হয়েছিল তা আজও অধরা। একটি সূত্রের দাবি, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইপেইয়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির। সেই দাবি নিয়ে বিতর্ক কম নয়। বিমান দুর্ঘটনার সম্ভাবনামর কথা উড়িয়ে দিয়ে তাইপের মেয়র সাফ বলেছেন, তাইপে সিটি আর্কাইভে ওইদিন তাইপেইতে কোনও বিমান দুর্ঘটনার উল্লেখই নেই। সবমিলিয়ে নেতাজির মৃত্যু পুরোটাই রহস্যে মোড়া।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।