Saturday, May 16, 2026
Latestআন্তর্জাতিক

জঙ্গি সংগঠন ISIS-এর সেকেন্ড-ইন-কমান্ড আবু বিলাল আল-মিনুকিকে খতম করলো মার্কিন সেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফ্রিকায় বড়সড় জঙ্গিবিরোধী অভিযানে খতম হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-এর অন্যতম শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি। ইসলামিক স্টেটের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ হিসেবে পরিচিত এই জঙ্গিকে মার্কিন সেনা ও নাইজেরিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ট্রাম্প জানান, তাঁর নির্দেশেই অত্যন্ত নিখুঁত পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়েছে। মার্কিন গোয়েন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই আবু বিলাল আল-মিনুকির গতিবিধি সংক্রান্ত তথ্য আসছিল বলে দাবি করেন তিনি। ট্রাম্পের কথায়, আফ্রিকায় আত্মগোপন করে থেকেই ISIS-এর নেটওয়ার্ক পরিচালনা করছিল ওই জঙ্গি নেতা।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, আল-মিনুকি ছিল বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসবাদীদের একজন। আফ্রিকায় ISIS-এর কার্যকলাপ পরিচালনার পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে হামলার ছক তৈরির সঙ্গেও সে জড়িত ছিল বলে অভিযোগ। ট্রাম্প বলেন, “এ বার সে আর আফ্রিকার মানুষকে আতঙ্কিত করতে পারবে না।”

জানা গিয়েছে, এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী। সেই কারণে নাইজেরিয়া সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ফলেই এই অভিযান সফল হয়েছে।

তবে ঠিক কোথায় এই অপারেশন চালানো হয়েছে, কতক্ষণ ধরে অভিযান চলে কিংবা কী ভাবে আল-মিনুকিকে টার্গেট করা হয়— সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ নিয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেয়নি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাহেল অঞ্চল, নাইজেরিয়া ও সোমালিয়ায় ISIS-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা অনেক বেড়েছে। পশ্চিম এশিয়ায় বড় ঘাঁটি হারানোর পর সংগঠনটি এখন আফ্রিকাভিত্তিক শাখাগুলির উপর অনেকটাই নির্ভরশীল হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আবু বিলাল আল-মিনুকির মৃত্যু ISIS-এর আফ্রিকা নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ আফ্রিকায় সংগঠনের বিস্তার এবং নতুন জঙ্গি নিয়োগে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে।