রাজ্যের সরকারি কর্মীদের জন্য ‘সপ্তম বেতন কমিশন’ গঠন করবে পশ্চিমবঙ্গ সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে অনুষ্ঠিত হল নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠক থেকেই রাজ্যের সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যে গঠন করা হচ্ছে ‘সপ্তম রাজ্য বেতন কমিশন’ বা ‘7th Pay Commission West Bengal’।
সরকারি সূত্রে খবর, নতুন বেতন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত বিষয়েও সুপারিশ করতে পারে কমিশন। পূর্বতন সরকারের আমলে ডিএ বকেয়া নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন ধরে আইনি টানাপোড়েন চলছিল। সেই আবহেই নতুন সরকারের এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর কাছে বড় স্বস্তির বার্তা বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব শীঘ্রই কমিশনের কাঠামো, সদস্য সংখ্যা এবং কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে। সরকারের দাবি, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পেও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এই প্রকল্প চালু হলে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং নিম্ন আয়ের পরিবারের মহিলারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই দুই বড় ঘোষণা একদিকে যেমন সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা, তেমনই অন্যদিকে মহিলা ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।


