বাংলায় ৭৮০০ কোটি বিনিয়োগ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার ভোর ৩ টের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হন। যার ফলে সশরীরে কলকাতায় হাজির হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মায়ের শেষকৃত্যের পরে পশ্চিমবঙ্গে ৭,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের সূচনা করেছেন তিনি। অর্থাৎ বাংলায় ৭,৮০০ কোটি টাকা বিনিয়োগ করলো কেন্দ্রীয় সরকার।
হাওড়া এবং নিউ জলপাইগুড়ি সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন তিনি। আমেদাবাদ থেকে ফ্লাগ অফ করেন মোদী। জানা গেছে, হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মাঝে বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই স্টেশনে দাঁড়াবে এই বন্দে ভারত ট্রেন।
এছাড়া কলকাতা মেট্রোর জোকা-তারাতলা সম্প্রসারিত অংশের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর জন্য খরচা হয়েছে ২,৪৭৫ কোটি টাকা। বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন তৈরি করতে ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন নির্মাণে খরচ হয়েছে ৪০৫ কোটি টাকা। নিমতিতা-নিউ ফারাক্কা ডাবল লাইন তৈরিতে খরচ হয়েছে ২৫৪ কোটি টাকা। আমবাড়ি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি ডাবলিং প্রকল্পের জন্য খরচ হয়েছে ১,০৮০ কোটি টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন এর সংস্কারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যার জন্য খরচ হবে ৩৩৫ কোটি টাকার বেশি।
জোকায় ১০০ কোটি টাকা ব্যয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড স্যানিটেশন তৈরি করা হয়েছে। গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ৭টি নিকাশি ব্যবস্থার সূচনা করেন মোদী। ৯৯০ কোটি টাকা ব্যয়ে ৬১২ কিলোমিটার এলাকা জুড়ে ২০টি প্রকল্পের সূচনা করেন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

