Monday, January 19, 2026
দেশ

বিশ্ব রেকর্ড, দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ লাখের বেশি

নয়াদিল্লি: প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে করোনা। এই প্রথম দেশে একদিনে ৪ লাখের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০১,৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। যার ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২,১১,৮৩৫ জন। দেশে মোট করোনা পজিটিভ কেস ১ কোটি ৯১ লাখেরও বেশি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৬ লাখ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২,৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৮২৮ জনের। এর পরেই রয়েছে কর্ণাটক। সেখানে দৈনিক আক্রমণের সংখ্যা ৪৮,২৯৬ জন। কেরলে ৩৭,১৯৯ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৫ জন, এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৩৩২ জনের।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৪১১ জন। মৃত্যু হয়েছে ৯৬ জনের। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্য জুড়ে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা অবধি খোলা থাকবে বাজার। বন্ধ থাকবে শপিং কমপ্লেক্স, সিনেমা হল, জিম, বিউটি পার্লার ইত্যাদি। তবে জরুরী পরিষেবা, ওষুধের দোকান বা ফুড ডেলিভারি চালু থাকবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।