Sunday, May 31, 2026
রাজ্য​

বিশ্বাস করুন এখন কাশফুলের বালিশ বালাপোষ তৈরি হচ্ছে: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চপ, ঘুগনি, চা বিক্রি করে যুব সমাজকে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমসের বন্যা বয়েছিল। অনেকেই কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমোর। তবে তারপরেও নিজের মন্তব্যে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশফুল দিয়ে বালিশ, বালাপোষ তৈরি করা নিয়েও মিমের বন্যা বয়েছিল। হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার মুখ্যমন্ত্রী জানালেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাশফুল প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের বাস্তবায়নের কথাও জানিয়ে দিলেন।

এদিন তিনি বলেন, বিশ্বাস করুন কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, গায়ে দেওয়ার জন্য কাশফুলের বালাপোষও তৈরি হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে কাশফুল হত দুর্গাপুজোর সময়। সেগুলি শুকিয়ে যেত। কোনও কাজে লাগত না। আমি বলেছিলাম, কাশফুল দিয়ে ভালো পাতলা পাতলা বালিশ হবে। গায়ে দেওয়ার জন্য ভালো বালাপোষও তৈরি হবে। বিশ্বাস করুন এখন কাশফুলের বালিশ বালাপোষ তৈরি হচ্ছে।