‘আমাদের বাঁচান’, ঢাকার রাজপথে মশাল হাতে হিন্দু সংখ্যালঘুরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা নতুন নয়। প্রায়শই সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটে থাকে। অতীতে আমরা দেখেছি উৎসব অনুষ্ঠানের আগে একাধিকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবার অধিকার সুরক্ষার দাবিতে রাস্তায় নামলো বাংলাদেশের সংখ্যালঘুরা।
শুক্রবার মশাল নিয়ে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রাস্তায় নেমে পড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে আওয়াজ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, আওয়ামী লীগের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি চলতি বছরের জুলাই মাসের মধ্যে পূরণ করতে হবে।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেন, মার্চ মাস থেকে সমস্ত মহকুমাতে এই ধরনের মিছিল হবে। দাবি না মিটলে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমরা আমরণ অনশনে বসব।
হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের দাবি, আওয়ামী লীগ ২০১৮ সালে ইস্তেহারে জানিয়েছিল জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। কিন্ত ভোট জিতে যাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি।

