অযোধ্যার রাম মন্দিরের রাম-সীতার মূর্তির জন্য সীতার বাপের বাড়ি নেপাল থেকে আসছে শিলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ চলছে পুরোদমে। জানা গেছে, রাম মন্দিরের গর্ভগৃহে রাম সীতার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। আর তার জন্য শিলা আসবে নেপাল থেকে। উল্লেখ্য, রামায়ণ মতে নেপাল সীতার বাবার বাড়ি। যার ফলে অনেকে এটিকে পুরাণের পুনর্নির্মাণ বলছেন।
রাম মন্দিরের গর্ভগৃহে রাম সীতার মূর্তির জন্য বিশেষ শিলার জোগান দিচ্ছে নেপাল। রামায়ণ মতে, সীতাকে কৃষিক্ষেত্রে পেয়েছিলেন মিথিলার রাজা জনক। তারপর রাজপরিবারেই জনকের কন্যা হিসেবে বেড়ে ওঠেন সীতা।
মিথিলার পশ্চিমে গণ্ডকী নদী। আর সেই নদীর গর্ভেই পাওয়া যায় এই বিশেষ শিলা। এই শালগ্রাম শিলা পূজার্চনার ক্ষেত্রে বিষ্ণুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেই বিশেষ শিলা দিয়েই রামলালার মূর্তি গড়ার সিদ্ধান্ত নিয়েছে অযোধ্যার রামমন্দির ট্রাস্ট। নেপাল থেকে দুটি বড় শিলা আনার জন্য ইতিমধ্যেই নেপালে পৌঁছে গিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সভাপতি রাজেন্দ্র সিং পঙ্কজ। শিলা দুটির দৈর্ঘ্য ৫-৬ ফুট এবং প্রস্থ ৪ ফুটের কাছাকাছি। একটি শিলার ওজন ১৮ টন, অন্যটির ১২ টন।
অযোধ্যায় শিলা পাঠানোর আগে নেপালেই ‘শিলা পুজো’ করা হয়েছে।
জানা গেছে, আগামী বছরের মকর সংক্রান্তিতে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি।

