Tuesday, February 10, 2026
রাজ্য​

রানাঘাটে এক রাতে ৫টি মন্দিরে চুরির ঘটনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একটা দুটো নয়, এক রাতে ৫টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে রানাঘাটের তারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫টি মন্দির থেকে চুরি রুপোর গয়না সহ কয়েক হাজার টাকা। এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার মানুষ।

জানা গেছে, তারাপুর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর, কাশীনাথপুর ও তারাপুর গ্রামের পাঁচটি মন্দিরের প্রণামী বাক্স সহ কালী মন্দির ও শনি মন্দিরের ঠাকুরের গায়ের রুপোর গয়নাও চুরি হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের গ্রামে এই ধরনের ঘটনা আগে কোনওদিন ঘটেনি। রাতের অন্ধকারে এই চুরি করা হয়েছে, তাই কাকপক্ষীও টের পায়নি। সোমবার সকালে মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েতরা পুজো করতে এসে প্রথম এই চুরির ঘটনা খেয়াল করেন। তাঁরা মন্দিরের ভিতরে ঢুকে দেখেন বিগ্রহের গায়ে কোন‌ও অলঙ্কার নেই। মন্দিরের ভেতরে থাকা শিলামূর্তিগুলি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসি আমরা”।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রানাঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।