Saturday, June 6, 2026
দেশ

বান্দরবান থেকে ৫৪৮ বাংলাদেশি পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের বান্দরবান থেকে পালিয়ে পাঁচশোরও বেশি মানুষ ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছেন। কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, তার থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন তারা।

বাংলাদেশ পুলিশ অবশ্য বলছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, নিরাপত্তা জনিত কারণে কিছু লোকজন চলে গেছে।

মিজোরামের এক মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, গত বছরের নভেম্বর থেকে আশ্রয়প্রার্থীরা ভারতে আসতে শুরু করেছেন।

আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই বম জনগোষ্ঠীর মানুষ, তবে তাদের সঙ্গে কিছু টংটঙ্গিয়া গোষ্ঠীর মানুষও এসেছেন ভারতে। বম জনগোষ্ঠীটি খ্রিস্টান ধর্মাবলম্বী।

মিজোরাম সরকার এবং সেখানকার খ্রিস্টানদের শক্তিশালী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে পালিয়ে আসা নারী পুরুষদের বাসস্থানের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে। নিয়মিত খাবারও দিচ্ছেন তারা।

তুইচং এলাকায় ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রিচিস লালটানপুইয়া জানান, “আমাদের এলাকায় মোট ১৩২টি পরিবারের ৫৪৮ জন মানুষ বাংলাদেশ থেকে এসে আশ্রয় নিয়েছেন। আমরা এদের খাবার দিচ্ছি, রান্না করা খাবার না, জিনিস দিয়ে দিই, ওরাই রান্না করে নেয়। পোশাক আর ওষুধও দেওয়া হচ্ছে। ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া হয়েছে অনেককে।”

বাংলাদেশি বইলিয়ান থাংবম বলেন, “বাংলাদেশ আর্মি আমাদের গ্রামগুলোতে হামলা চালাচ্ছে। গুলি চলছে, বোমা ফেলছে। আমাদের বাড়ির সামনেই বোমা পড়েছে। গ্রাম থেকে ১৪ জনকে ধরে নিয়ে গিয়েছিল। ভয়ে আমরা জঙ্গলে পালিয়ে গিয়েছিলাম।”

মিজোরামের গ্রামোন্নয়ন মন্ত্রী লালরুয়াতকিমা বলেন, “বাংলাদেশ থেকে আসা আশ্রয় প্রার্থীরা মিজোদেরই বৃহত্তর পরিবারের মানুষ। আমাদের পূর্বপুরুষদের কেউ বান্দরবানের দিকে, কেউ এই মিজোরামে, কেউ আবার এখনকার মিয়ানমারে থাকতেন। এখনও আমাদের অনেক আত্মীয়স্বজন বান্দরবান-মিয়ানমারে থাকে। তাই এরা আমাদের পরিবারেরই সদস্য, সেই হিসাবেই আমরা তাদের দায়িত্ব নিয়েছি।”

মিজোরামের বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে শুক্রবার, যেখানে বলা হয়েছে এই আশ্রয়প্রার্থীরা মিজোদের ভাইবোন, তাই তাদের খাদ্য, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা মিজোরাম রাজ্যের দায়িত্ব। একই সঙ্গে আশ্রয়প্রার্থীদের যাতে সীমান্তে বিএসএফ না আটকায়, তার জন্য মিজোরাম সরকার দিল্লিকে অনুরোধ করেছে।

তথ্যসূত্র: বিবিসি