Friday, May 1, 2026
দেশ

ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল থেকে বিতাড়িত সুবল ভৌমিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। সমস্ত রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। এরই মাঝে ফের দল বদল। শুক্রবার তৃণমূল থেকে বিতাড়িত প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক (Subal Bhowmick) যোগ দিলেন বিজেপিতে।

পাশাপাশি, নির্বাচনী টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন সিপিএম বিধায়ক মোবসর আলি। দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগদান করেন তাঁরা।

২০২১ সালে সুবল ভৌমিক যোগ দিয়েছিলেন তৃণমূলে। এরপর গত বছরের এপ্রিলে দলের রাজ্য সভাপতি করা হয় তাকে। আগস্টে তাকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার তিনি যোগ দিলেন বিজেপিতে।

একদা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন সুবল। বিধায়কের পদেও আসীন ছিলেন তিনি । ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস নামে দল গঠন করেছিলেন। তবে সেখানেও টেকেননি। এরপর তৃণমূলে যোগদান করেন। এবার বিজেপিতে যোগ দিলেন তিনি।