ইন্দো-তিব্বত সীমান্তে নতুন ব্যাটেলিয়ান তৈরির জন্য ৯৪০০ জওয়ান নিয়োগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশে নতুন ব্যাটেলিয়ান তৈরির জন্য ৯৪০০ জওয়ান নিয়োগের অনুমোদন দিল কেন্দ্র। পাশাপাশি একটি নতুন অপারেশনাল ঘাঁটি তৈরি হবে।
আইটিবিপি-তে বর্তমানে প্রায় ৯০ হাজার জওয়ান রয়েছে। ১৯৬২ সালে চিনের আক্রমণের পর এই বাহিনী তৈরি করা হয়। দেশের উত্তর-পূর্ব দিকে চিনের সঙ্গে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। সেই সীমানা পাহারা দেন আইটিবিপি জওয়ানরা।
সরকারি সূত্রে খবর, সীমান্ত চৌকি তৈরির জন্য জমি অধিগ্রহণ এবং অফিস ও আবাসিক ভবন তৈরি এবং অস্ত্র ও গোলাবারুদের জন্য ১৮০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ৪৭টি সীমান্ত চৌকি তৈরির ফলে আইটিবিপির ক্ষমতা ২৬ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, ২০২০ সালে চিনের সঙ্গে গালওয়ালে সংঘর্ষ হয় ভভারতের তারপর থেকে দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা চলছে। এই প্রেক্ষাপটে আইটিবিপির শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। ইন্দো-তিব্বত সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত।

