পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: তসলিমা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চমবার বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বাংলাদেশী অভিনেত্রী পরীমণি। শুক্রবার রাতেই ফেসবুক পোস্টে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো তাদের বিচ্ছেদ হয়নি। কিন্তু তিনি রাজের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ডিভোর্স পেপার শীঘ্রই তিনি পাঠিয়ে দেবেন।
ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, “হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।”
পরীমণির এই ঘোষণার পরে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম আলোচনা হচ্ছে। বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন সেই দলে যোগ দিয়েছেন। পরীমণির সঙ্গে নিজের তুলনা টেনে তসলিমা লেখেন, ‘‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে । এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’’
অভিনেত্রীকে সাহস জুগিয়ে তসলিমা আরও লিখেছেন, ‘‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর রাজকে বিয়ে করেন পরীমণি। রাজ-পরীর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। রাজ্যের বয়েস ৪ মাস।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

