রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়লো ১৫ জুন পর্যন্ত
কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। এই নির্দেশের ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমছে। তবে পরিস্থিতি এখনও ভয়াবহ। তাই বিধিনিষেধের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন যা যা বিধিনিষেধ কার্যকর রয়েছে, ১৫ জুন অবধি সেগুলিই কার্যকর থাকবে। শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পাটশিল্পে ৪০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারতেন।
মমতা বলেন, অর্থনীতি যাতে ধ্বংস না হয়, তাই অর্থনীতি, জরুরি পরিষেবা চালু থাকবে। চালু থাকবে সমস্ত অনলাইন পরিষেবা। বিধিনিষেধ মেনে কারখানা চলবে। খোলা থাকবে পেট্রোল পাম্প, গাড়ি মেরামতির দোকান। অর্থাৎ, সমস্ত গণপরিবহণ বাস, ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অটো, ট্যাক্সি চলবে। বিমানবন্দর থেকে চালু থাকবে ট্যাক্সি পরিষেবা।
ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার উপর কড়াকড়ি থাকছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হতে পারবেন না। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত। সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দোকান, বাজার, হাট খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

