Thursday, January 22, 2026
রাজ্য​

জুলাইয়ে উচ্চ মাধ্যমিক ও আগস্টে মাধ্যমিক পরীক্ষা: মমতা

কলকাতা: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, করোনা বিধি মেনে জুলাইয়ে উচ্চ মাধ্যমিক ও আগস্টে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তিন ঘন্টার বদলে দেড় ঘণ্টা করে হবে একেকটি পরীক্ষা। যার যার স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে।

মমতা জানান, উচ্চমাধ্যমিকের পর কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বিষয় থাকে, সেই দিকটি বিবেচনা করে চলতি বছরে মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক। আগষ্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক। নিজেদের স্কুলেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।

মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি ঐচ্ছিক বিষয়গুলোর নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে। দুটো পরীক্ষারই নির্ধারিত সময় দেড় ঘণ্টা।

তিনি আরও জানান, সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন থানায় রাখা হয়। স্কুলের থেকে থানা বেশি দূরে অবস্থিত হলে নিকটবর্তী প্রশাসনিকভবনে প্রশ্নপত্র রাখা হবে। কত তারিখে কোন পরীক্ষা তা এখনও ঘোষণা করা হয়নি। মাধ্যমিকের নির্ঘণ্ট মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরে তা জানিয়ে দেবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।