ম্যাঙ্গালুরুতে ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ LPG সংরক্ষণাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার (১৩ নভেম্বর) কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে দেশের বৃহত্তম ভূগর্ভস্থ এলপিজি (LPG) সংরক্ষণাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৮৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই সংরক্ষণাগারটির ধারণক্ষমতা ৮০ হাজার মেট্রিক টন। এটি ভারতের দ্বিতীয় ভূগর্ভস্থ এলপিজি সংরক্ষণাগার।
মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেড (MEIL) হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) জন্য এই প্রকল্পটি নির্মাণ করেছে। এর মাধ্যমে দেশের কৌশলগত এলপিজি মজুত আরও শক্তিশালী হবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প।
সংরক্ষণাগারটি নির্মাণের জন্য ভূগর্ভে যথাক্রমে ১,২২০ মিটার ও ২২৫ মিটার দীর্ঘ দুটি বড় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। প্রকল্পের কাজের মধ্যে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি প্রবেশপথের সুড়ঙ্গ খননও অন্তর্ভুক্ত ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ১২৮ মিটার গভীরতা পর্যন্ত এই নির্মাণকাজ করা হয়েছে।

